ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Prothom Kotha
জাতীয়

মাংস উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: প্রতিমন্ত্রী টুকু

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণকারীরা।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণকারীরা।

নিজস্ব প্রতিবেদক : দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে মাংস উৎপাদন বাড়াতে খামারিদের উৎসাহিত করছে সরকার। এ লক্ষ্যে খামারিদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাংস মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত বর্ণাঢ্য সড়ক র‍্যালির উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত। প্রাণিসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে প্রান্তিক, পাহাড়ি ও চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, দেশের মাংসের চাহিদা পূরণে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি খামারিদের উৎসাহিত করা হচ্ছে। ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের চাহিদা পূরণের পর আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির সুযোগ তৈরি করা হবে।

আরও পড়ুনরান্না সংস্কৃতি ও যোগাযোগের মাধ্যম : জুবাইদা রহমান
রান্না সংস্কৃতি ও যোগাযোগের মাধ্যম : জুবাইদা রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সম্ভাবনা তুলে ধরা হয়।

র‍্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিমসহ সংগঠনটির সদস্য, বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।