নলছিটিতে আটক আ.লীগ নেতার দ্রুত মুক্তি নিয়ে ক্ষোভ-প্রশ্ন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন লাভলু মুন্সীকে আটক করার কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাঁকে আটকের পর দ্রুত মুক্তি পাওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফলের নেতৃত্বে আব্দুল্লাহ আল মামুন লাভলু মুন্সীকে আটক করা হয়। অভিযোগ উঠেছে, আটকের কিছু সময় পরই অর্থের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাঁদের দাবি, পুলিশের এমন ভূমিকা অব্যাহত থাকলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অর্থের বিনিময়ে সহজেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার সুযোগ পাবেন।
এদিকে সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে। এলাকাবাসীর বক্তব্য, তিনি ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তিনি পুলিশের হাত থেকে দ্রুত বেরিয়ে গেলেন—তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান এ বিষয়ে আমি জানিনা।






