তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : হিমেল বাতাস ও কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগের দিন বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন না হলেও কুয়াশা ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে।
স্থানীয়রা জানান, রাত থেকেই ঠান্ডা বাতাস বইছে। সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সূর্যের দেখা মিলতে দেরি হচ্ছে। সকাল ও সন্ধ্যার পর শীত বেশি অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। বিকেলের পর আবার বাড়ছে ঠান্ডার প্রকোপ।

শীতের মধ্যেও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হচ্ছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। চা-বাগান, পাথর ও বালু উত্তোলন এলাকা, নদীঘাটসহ বিভিন্ন স্থানে কাজ করছেন শ্রমিকেরা। ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরদেরও ঠান্ডা উপেক্ষা করে জীবিকার সন্ধানে ছুটতে হচ্ছে। তবে সকালের ঠান্ডা ও কুয়াশায় তাঁদের স্বাভাবিক কর্মজীবনে ভোগান্তি বাড়ছে।
এদিকে শীতের প্রভাবে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে। সর্দি-কাশি, হাঁপানি ও নিউমোনিয়াসহ বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন অনেকে। এ পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ঘেঁষা অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন ঘটে আগে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।





