ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
আইন-আদালত

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে সমাপনী বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের আইনে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মামলায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।’

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বৃহস্পতিবার মামলাটির তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক শেষে অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য দেবেন।

এর আগে বুধবার মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি আদালতে বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি সেনানিবাসে প্রবেশ করতে পারতেন না।

চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ধরনের ব্যক্তিকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। পৃথিবীতে তাঁদের বেঁচে থাকার অধিকার নেই।

আরও পড়ুনব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড
ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড

মামলার প্রথম দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস এবং সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরেন। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যের ভিত্তিতে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর তাঁর ৩৮ বছরের আইন পেশার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তিন খুন, সাত খুন ও বিডিআর বিদ্রোহের মামলাসহ অনেক ভয়াবহ অপরাধের ঘটনা দেখেছেন। তবে জিয়াউল আহসানের মতো ‘মনস্টার’ কাউকে দেখেননি বলে মন্তব্য করেন তিনি।

মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার ভয়াবহতার বর্ণনা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, হত্যার সময় রক্তের ছিটা এড়াতে বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করা এবং পরে মরদেহের পেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন নৃশংসতার অভিযোগও ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি।

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিচ্ছেন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এই প্রথম মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

মামলার যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।