স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ প্রতিনিধির বৈঠক
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়ন

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা এবং নারীস্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি মিসেস ক্যাথরিন ব্রিন কামকং।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নারীস্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এজেন্ডা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইউএনএফপিএর সহযোগিতার প্রশংসা করেন। নারীদের জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংস্থাটির অব্যাহত অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।





