ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শিল্পাঞ্চলসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে যান চলাচল সচল রাখা এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিকনির্দেশনায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) গাজীপুরের নাওজোর পয়েন্টে সড়কে ব্লক ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা অপসারণ করেন। একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

আনসার সদস্যদের তৎপরতায় শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছেন। শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিশেষ স্ট্রাইকিং টিম ও অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুনঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শিল্পাঞ্চলের নিরাপত্তার পাশাপাশি দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহ—এই ৯ জেলায় বর্তমানে মোট ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে গাজীপুরে ১৯, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জে ৪, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪টি করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২টি করে প্লাটুন দায়িত্ব পালন করছেন। এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁদের সতর্কতা ও সমন্বিত তৎপরতা শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখা, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।