ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট সংলগ্ন সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে গণপূর্ত বিভাগ। প্রথম দিনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। উদ্ধার করা জমিতে নির্মাণ করা হবে একটি মিনিপার্ক।

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট সংলগ্ন সরকারি জমিতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এসব স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে গণপূর্ত বিভাগ। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভা।
অভিযানের আগে দখলদারদের চিঠি দিয়ে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিতে বলা হয়। অনেকেই আগেই মালামাল সরিয়ে নেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের নেতৃত্বে প্রথম দিনের অভিযানে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, গণপূর্ত প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনায় সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরাতন কলেজ খেয়াঘাটসহ গণপূর্ত বিভাগের আওতাধীন অন্যান্য সরকারি জমিও দখলমুক্ত করা হবে।