ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
স্বাস্থ্য

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে সক্রিয় করা হবে দেশের আই ব্যাংক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে সক্রিয় করা হবে দেশের আই ব্যাংক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

দেশে কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে আই ব্যাংকগুলো পুনরুজ্জীবিত ও পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে মরণোত্তর কর্নিয়া দানে মানুষকে উৎসাহিত করতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটি’র চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ড. এম এ মুহিত বলেন, চক্ষুরোগের কারণ ও জনস্বাস্থ্য নিয়ে গবেষণা এবং শিক্ষকতা তাঁর দীর্ঘদিনের আগ্রহের বিষয়। দেশে অন্ধত্বের প্রধান কারণ ছানি হলেও ঐতিহাসিকভাবে কর্নিয়াজনিত অন্ধত্বও অন্যতম বড় সমস্যা ছিল। ২০ থেকে ৩০ বছর আগে ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুদের মধ্যে কর্নিয়াজনিত অন্ধত্বের প্রকোপ বেশি ছিল। তবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হওয়ার পর এ ধরনের অন্ধত্বের বড় অংশ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

বর্তমানে চোখের সংক্রমণ ও আঘাত কর্নিয়াজনিত অন্ধত্বের প্রধান কারণ বলে জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল’ পাস করেছে। এই আইনি কাঠামোর আওতায় কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৫০ জন কর্নিয়া বিশেষজ্ঞ সার্জন রয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন নিয়মিত কর্নিয়া প্রতিস্থাপন করেন। তবে দাতা কর্নিয়ার সংকটের কারণে অধিকাংশ ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা কর্নিয়ার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে রোগীদের চিকিৎসা ব্যয় ও জটিলতা বাড়ছে।

আরও পড়ুনস্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ প্রতিনিধির বৈঠক
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ প্রতিনিধির বৈঠক

১৫ হাজার মানুষ দুই চোখের কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছেন

পরিসংখ্যান তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, দেশে প্রায় ১৫ হাজার মানুষ দুই চোখের কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছেন। এ ছাড়া আরও প্রায় ৫০ হাজার মানুষ এ ধরনের অন্ধত্বের ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরও জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত প্রায় দুই হাজার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাঁদের বড় একটি অংশের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের সুযোগ তৈরি হলে তাঁদের অনেকের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, সংক্রমণ ও আঘাতজনিত কর্নিয়াজনিত অন্ধত্বের বড় অংশই প্রতিরোধযোগ্য। এ জন্য সন্ধানী, জাতীয় চক্ষুদান সমিতি, আই ব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা নিতে হবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে মরণোত্তর কর্নিয়া দানসহ এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

পাশাপাশি চক্ষু চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. সারওয়ার আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী মনিরুজ্জামান, অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা. তৌহিদুর রহমান ও মহাসচিব ডা. জিন্নুরাইন। এ সময় দেশের জ্যেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।