দুই বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ
৫০ হাজার অপারেশনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে জেলায় অন্তত ৫০ হাজার মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। পাশাপাশি কয়েক লাখ মানুষের চোখ পরীক্ষা ও বিনামূল্যে চশমা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জে আয়োজিত একটি চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে উপহার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ড. এম এ মুহিত বলেন, একটি জরিপে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষের দৃষ্টিহীনতার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য অর্জনে আগামী দুই বছরে প্রতি মাসে দুই হাজারের বেশি অপারেশন করা হবে।
তিনি আরও জানান, কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। প্রয়োজন অনুযায়ী ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। সব মিলিয়ে অন্তত ৫০ হাজার ছানি অপারেশনের পরিকল্পনা রয়েছে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “আমরা মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসাসেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।”

প্রধানমন্ত্রীর বৈশ্বিক অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, গত ২ নভেম্বর চক্ষু স্বাস্থ্যবিষয়ক বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে দেশের দুই কোটি অবহেলিত মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়ার অঙ্গীকার করেছেন। এর আওতায় এক কোটি মানুষকে চশমা এবং ১০ লাখ মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে এ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি এবং জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আটটি বিভাগীয় শহরে আধুনিক ক্যান্সার চিকিৎসা চালুর লক্ষ্যে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগও নেওয়া হবে।
সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গের প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। উদ্বোধনী দিনেই ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়।
প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মো. নুরুল আমিনসহ দেশি-বিদেশি বিভিন্ন চক্ষু ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের অধ্যাপক ডা. মো. জিননুরাইন নিউটন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম, স্প্রিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিশা মাহজাবিন এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির প্রধান ডা. আফসানা হাবিব শিউলী।





