ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Prothom Kotha
জাতীয়

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানাতে পারবে না: প্রধানমন্ত্রী

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানাতে পারবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ভূমিকা রেখেছে।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।

শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাকে দেশের প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

সশস্ত্র বাহিনীকে আধুনিক করার পরিকল্পনা

সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে সরকার বাহিনীগুলোকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

তিন বাহিনীর পৃথক সক্ষমতা সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।

আধুনিক নিরাপত্তাব্যবস্থায় সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ বলেও জানান তিনি।

সশস্ত্র বাহিনীতে চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।

সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নেও সরকার কাজ করছে বলে জানান তিনি। এ লক্ষ্যে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা স্মরণ

আরও পড়ুনদেশজুড়ে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা যুব প্রতিমন্ত্রী আমিনুল হকের
দেশজুড়ে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা যুব প্রতিমন্ত্রী আমিনুল হকের

সশস্ত্র বাহিনীর ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই স্মরণেই দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর হামলা শুরুর পর চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে অংশ নেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। তবে ষড়যন্ত্র থেমে থাকেনি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়। ওই ঘটনার পর দেশকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

শান্তিরক্ষা মিশনে ভূমিকার প্রশংসা

দেশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে দুর্যোগকবলিত অঞ্চলে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমন এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দেশে-বিদেশে শাহাদাতবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আহত সদস্যদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় বাংলাদেশের সদস্যরা পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন।

সেনানিবাসে মায়ের স্মৃতিচারণ

বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে ব্যক্তিগত স্মৃতিকাতরতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর মায়ের জীবনের শেষ অংশগ্রহণ। এ সময় তিনি মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা অংশ নেন।