ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Prothom Kotha
শিক্ষা

কৃতী ও-লেভেল ও এ-লেভেল শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

কৃতী ও-লেভেল ও এ-লেভেল শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক: ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ও-লেভেল ও এ-লেভেল অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড: গ্র্যান্ড ফ্যালিসিটেশন সিরিমনি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের নেতারা অংশ নেন। ক্বারী মমিনুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এমপি। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি দেশ গঠনে মেধাবীদের ভূমিকা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করা এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন নয়, সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে তাদের ভূমিকা রাখতে হবে।

ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নানা অপপ্রচার ও প্রপাগান্ডা সত্ত্বেও সংগঠনটি এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের আদর্শ, মেধা ও নৈতিক চরিত্র বিকাশের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখছে ছাত্রশিবির।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, কেবল দক্ষতা ও ভালো ফলাফল দিয়ে সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির পাশাপাশি সমাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও সততার চর্চা জরুরি।

স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশের প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার পেছনে ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক হীনচক্রান্ত, দুর্নীতি, ব্যাংক লুটপাট ও বিদেশে অর্থ পাচারকে দায়ী করেন তিনি। জাপান, জার্মানি, চীন ও সিঙ্গাপুরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ততা ও সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও মানবসম্পদের সঠিক ব্যবহার, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং রাজনীতি ও প্রশাসনে মেধার মূল্যায়নের মাধ্যমে এসব দেশ বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে।

বাংলাদেশে দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এতে মেধা পাচারের প্রবণতা বাড়ছে বলে উল্লেখ করেন ছাত্রশিবির সভাপতি।

দেশে মেধা, প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনার অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা ও দূরদর্শী পরিকল্পনা। পর্যটন ও খনিজ সম্পদ কাজে লাগানো, শিক্ষা ও আর্থিক খাতে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি প্রশিক্ষণ, মূলধন ও করমুক্ত সুবিধা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে নূরুল ইসলাম বলেন, দেশ আমাদের কী দিয়েছে, তা না ভেবে দেশকে কী দিতে পারলাম, সেই চিন্তা করতে হবে। পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে ঘুষ ও দুর্নীতিমুক্ত জীবন গড়ার শপথ এবং মানবকল্যাণে আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ‘ঐতিহ্যের হাট ২০২৬’
৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ‘ঐতিহ্যের হাট ২০২৬’

শিক্ষার লক্ষ্য মানবিক ও নৈতিক মানুষ তৈরি

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল, এমপি বলেন, শিক্ষার প্রকৃত লক্ষ্য দেহ, মন ও আত্মার সুসমন্বিত বিকাশ। বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষানীতির মধ্যে যথাযথ সমন্বয় না থাকায় এ-লেভেল সম্পন্ন অনেক মেধাবী শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে নৈতিকতা ও ধর্মীয় বোধের ঘাটতি তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক মানের দক্ষতা ও সার্টিফিকেট অর্জনের পাশাপাশি মানবিকতা ও যুক্তিবোধের মাধ্যমে পাশবিক প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা জরুরি।

সমাজ ও সভ্যতার অগ্রগতিতে নারীদের ভূমিকা নিয়ে প্রচলিত ধারণা সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামে নারীদের শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা বলা হয়নি। শিক্ষা অর্জনের পর সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিতে নারীরাও সমানভাবে ভূমিকা পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, কেবল বিপ্লব, গণঅভ্যুত্থান কিংবা বড় বড় অবকাঠামো নির্মাণের মাধ্যমে সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। মানুষের ভেতরে নৈতিক পরিবর্তন ও সততা প্রতিষ্ঠা জরুরি।

ইতিহাসের বিভিন্ন সভ্যতায় মানুষের ওপর মানুষের নির্যাতন এবং আধুনিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মানুষের নৃশংসতা কমাতে পারেনি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন সংঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মানুষই। তাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় শুধু বিজ্ঞানের অগ্রগতি যথেষ্ট নয়; প্রয়োজন নৈতিকতা, তাকওয়া ও স্রষ্টার কাছে জবাবদিহিতার অনুভূতি।

অভিভাবকদের ত্যাগের স্বীকৃতি

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ও-লেভেল পরীক্ষায় ৯টি বিষয়ে এ গ্রেড (9A) অর্জনকারী শিক্ষার্থী জুয়াইরিয়া মাহমুদের মা। তিনি সন্তানদের সাফল্যে অভিভাবকদের ত্যাগ, সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়ায় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান তিনি।

কেন্দ্রীয় গবেষণা ও উচ্চশিক্ষা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম ও বর্তমান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনী এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনা পর্ব শেষে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।