হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) এ হামলার তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও (UKMTO)। এতে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকারের পেছনের অংশে (স্টার্ন) অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই সময়ে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষেও আঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউকেএমটিও। তবে দ্বিতীয় জাহাজটির ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রথম হামলার ঘটনাটি ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে ঘটেছে। দুটি হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যুদ্ধের কারণে ঝুঁকিতে হরমুজের নৌপথ
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
যুদ্ধের আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হতো। ফলে হরমুজ প্রণালিতে অস্থিরতা বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মতো প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি বাণিজ্যে এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংঘাত শুরুর পর ইরান নৌপথটিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। দেশটির অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলো হামলার ঝুঁকিতে পড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তায় মার্কিন নৌবাহিনী পাহারা দিচ্ছে বলে জানানো হয়েছে।
তবে দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: এএফপি





