ধামরাই প্রেসক্লাবের সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন শামীম খান

নিজস্ব প্রতিবেদক: ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি মো. শামীম খান।
গত বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসানের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। পরে শুক্রবার দুপুর ২টার দিকে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন শামীম খান।
আগামী ২৮ নভেম্বর ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১১টি পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রেসক্লাবের সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব নির্বাচন করবেন।

সভাপতি পদপ্রার্থী মো. শামীম খান বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি নেতৃত্বে আসতে চান।
প্রধান নির্বাচন কমিশনার এস এম হাসান মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. শামীম খান সভাপতি পদে তাঁর দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।





