মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৮০ কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে আশুলিয়ায়। শনিবার সকালে জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় এ সংঘর্ষের পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ ছেড়ে বাইরে বেরিয়ে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুরের দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়। পরে দুপুরের দিকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের কারণে নিরাপত্তার স্বার্থে আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলের অন্তত ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ জানায়, নরসিংহপুর, জিরাবো ও কাঠগড়া এলাকার শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, ট্রাউজার লাইন, ভিনটেক্স ফ্যাশন, অ্যালায়েন্স নিট কম্পোজিট, রাতুল অ্যাপারেলস, অরুনিমা স্পোর্টস ওয়্যার, রেডিয়ান্স গ্রুপ, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড ও এবিসি লেদারসহ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ সুপার আরও জানান, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় ১১টি কারখানা আজও বন্ধ রয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানায় ছুটি রয়েছে।

গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছিলেন। তবে কাঠগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিক বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও কাঠগড়া এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলন চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা। চলমান অস্থিরতায় পুলিশের যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় দায়ের করা একাধিক মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন শ্রমিক ও শ্রমিক ফেডারেশনের নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পিজিসিএল নামের একটি পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গেও কথা বলেন।





