বৃষ্টিভেজা সন্ধ্যায় দুই আয়োজনে শেখ সাহেদকে স্মরণ, গানে-কথায় আবেগের মিলন

নিজস্ব প্রতিবেদক: নব্বইয়ের দশকের জীবনমুখী গানের অন্যতম পুরোধা, ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীকে স্মরণ করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দুটি পৃথক স্মরণানুষ্ঠান। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় পরীবাগ এবং বাংলামোটরে আয়োজিত অনুষ্ঠান দুটিতে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন বন্ধু, স্বজন, সহশিল্পী, সংস্কৃতিকর্মী, কবি, লেখক ও অনুরাগীরা।
গত ১৩ নভেম্বর ৬৩ বছর বয়সে মারা যান শেখ সাহেদ আলী। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুর পর শুক্রবারের আয়োজন দুটি যেন পরিণত হয় শোকের পাশাপাশি স্মৃতি, ভালোবাসা, গান, দর্শন ও বন্ধুত্ব উদযাপনের মিলনমেলায়। বৃষ্টির মধ্যেও উপস্থিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শেখ সাহেদের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ হয়ে ওঠে।
পরীবাগে ‘স্মরণে: আমাদের সাহেদ ভাই’
শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘স্মরণে: আমাদের সাহেদ ভাই’ শীর্ষক স্মরণসভা। শেখ সাহেদের বন্ধু, স্বজন, শুভানুধ্যায়ী ও ছোট ভাইদের দল এবং ‘সাহেদবাসী’ উদ্যোগের আয়োজনে অনুষ্ঠানটি হয়ে ওঠে তাঁর স্মৃতি ও সৃষ্টিকে ঘিরে এক আবেগঘন আয়োজন।
অতিথিদের শেখ সাহেদের প্রিয় গামছা ও রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। তাঁর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ নিয়ে প্রকাশিত স্মরণিকা বা সুভ্যেনিরও বিতরণ করা হয় উপস্থিত সবার মধ্যে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নসিব ও কনিকা। শুরুতেই কনিকা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আসা সবাইকে স্বাগত জানিয়ে সন্ধ্যাটিকে ‘শেখ সাহেদকে উদযাপনের সন্ধ্যা’ হিসেবে অভিহিত করেন। নসিব মাওলানা রুমির পঙ্ক্তি স্মরণ করে বলেন, কাউকে বিষণ্ন বা নিরানন্দ দেখলে শেখ সাহেদ নিজেই দ্বিগুণ দুঃখ পেতেন। তাই তাঁর স্মরণে ব্যক্তিগত শোকের ভার নয়, বরং স্মৃতি ও সৃষ্টির আনন্দ ভাগ করে নেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য।
এরপর শেখ সাহেদের আত্মজৈবনিক ও প্রবন্ধের বই ‘লিখার জায়গা’ থেকে ‘সভ্যতা’ বিষয়ক লেখা পাঠ করা হয়। লেখায় পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং আধুনিক সভ্যতার ভণ্ডামি নিয়ে তাঁর সহজ-সরল অথচ তীক্ষ্ণ দার্শনিক দৃষ্টিভঙ্গি উঠে আসে।
বন্ধুত্ব, মানবিকতা ও আড্ডার স্মৃতিতে সাহেদ
স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন শেখ সাহেদের ১৯৮২ সাল থেকে দীর্ঘ চার দশকের বন্ধু ইফতেখার মাহমুদ। কৈশোর ও তারুণ্যের বন্ধুত্ব, শেখ সাহেদের সহজাত ‘কেয়ারলেস স্মার্ট’ স্বভাব এবং জীবনের নানা সংকটে তাঁর পাশে থাকার কথা তুলে ধরে তিনি বলেন, "আজ শেখ সাহেদ নেই, কিন্তু আমাদের সবার মাঝে ও সারাজীবন বেঁচে থাকবে।"
সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রাণ ও শেখ সাহেদের দীর্ঘদিনের সুহৃদ মাহফুজা হক নীলা বলেন, শেখ সাহেদ ছিলেন অভিমানী, রসিক, ভীষণ আড্ডাবাজ এবং সবার চেয়ে আলাদা এক মানবিক মানুষ। অসুস্থতা ও কিডনি জটিলতার মধ্যেও বন্ধুদের প্রতি তাঁর টান কমেনি। এমনকি এরশাদুল হক টিংকুর ভাইয়ের মৃত্যুর শোকের দিনেও তিনি দীর্ঘ সময় পাশে এসে বসেছিলেন।
মাহফুজা হক নীলার ভাষায়, "শেখ সাহেদকে এক কথায় বলতে হলে বলতে হয়—সর্বোপরি সে ভালো মনের একজন মানুষ ছিল।"
জি সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভুঁইয়া খালেদ আবেগঘন কণ্ঠে বলেন, শেখ সাহেদের সঙ্গে দিনরাত যেকোনো সময় একসঙ্গে থাকা হতো। তাঁকে এখনো নিজের সঙ্গেই অনুভব করেন তিনি। সঞ্চালকরা জানান, ডায়ালাইসিস চলাকালেও হাসপাতাল থেকে ফোন করে প্রিয়জনদের খোঁজ নেওয়া এবং আড্ডায় ডাকার অভ্যাস ছিল শেখ সাহেদের।
দীর্ঘদিনের ডায়ালাইসিস সঙ্গী সোহেল বলেন, অসুস্থতার মধ্যেও শেখ সাহেদের মানবিকতা ছিল অসাধারণ। তাঁর মতো মানুষ বর্তমান সময়ে বিরল এবং তাঁর অভাব অপূরণীয়।
স্মৃতিচারণে অংশ নিয়ে রেজা ঘটক শেখ সাহেদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত, আড্ডা ও ব্যতিক্রমী ব্যক্তিত্বের কথা তুলে ধরেন। শেষ সময়ে শেখ সাহেদের বাসায় থাকা তরুণ অনুজ ও সংগীতশিল্পী স্নেহ হকও বাতিঘরে গামছা পরা শেখ সাহেদের সঙ্গে প্রথম পরিচয়ের স্মৃতি শোনান।
স্নেহ বলেন, তিনি কেমন আছেন জানতে চাইলে শেখ সাহেদ বলেছিলেন, ‘আমি জানি না’। পরে বুঝেছেন, জীবন নিয়ে আমরা আসলে কেমন আছি, তা নিজেরাও সবসময় জানি না।
বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার বলেন, শেখ সাহেদ মন খারাপের মানুষ ছিলেন না; বরং তাঁর হাস্যোজ্জ্বল ও প্রাণোচ্ছল চেহারাই সবার মনে ভেসে ওঠে। শেখ সাহেদকে নিয়ে শোক পালন নয়, তাঁর জীবন উদযাপন করতে চান তাঁরা। সবাই আনন্দ করছে, স্মৃতি ভাগাভাগি করছে—এটাই শেখ সাহেদকে আনন্দিত করত বলে মনে করেন তিনি।
নিশাতের স্বামী সহেদের বন্ধু রফিকুল ইসলাম বলেন, শেখ সাহেদ জীবনকে পুরোপুরি উদযাপন করে গেছেন—আনন্দে, গানে, আড্ডায় এবং দিন-রাতের প্রতিটি মুহূর্তে। তাঁর গানের আড়ালে জীবন, জগৎ, বাঁচা ও মৃত্যু নিয়ে গভীর দর্শন ছিল।
তুষার নোমানী বলেন, প্রায় ১৮-২০ বছরের সম্পর্কের শুরুতেই শেখ সাহেদ তাঁকে আপন করে নিয়েছিলেন। তাঁদের হাত ধরেই ‘ভাইকিং বুটিয়া’ নামে একটি কাল্পনিক দার্শনিক চরিত্রের জন্ম হয়। অসুস্থতার মধ্যেও নিজের শরীরের চেয়ে তাঁর অ্যালবামের কাজ নিয়ে বেশি তাগিদ দিতেন শেখ সাহেদ। পশুপাখি ও মানুষের প্রতি তাঁর ভালোবাসার উদাহরণ তুলে ধরে তুষার বলেন, শেখ সাহেদের নতুন অ্যালবামটি আর দেখে যেতে না পারার আক্ষেপ তাঁর রয়ে গেছে।
শেখ সাহেদের ভাগনে আমিন পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ডায়ালাইসিস শুরু হওয়ার পর থেকে শেষ দিন পর্যন্ত যেভাবে সবাই শেখ সাহেদের পাশে ছিলেন, তা পরিবারের সদস্যদের পক্ষেও সম্ভব হয়নি। এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।
কবিতা, গান ও আড্ডায় বেঁচে থাকার গল্প
কবি টোকন ঠাকুর বলেন, শেখ সাহেদ কবিদের ভালোবাসতেন এবং আড্ডায় মেতে থাকতে পছন্দ করতেন। শাহবাগ অঞ্চলে তিন দশকের বেশি সময় ধরে তাঁদের পথচলা। ফেসবুক ও ব্যক্তিগত স্মৃতির পাতায় শেখ সাহেদের লেখা, ছবি ও গান সংরক্ষণ করে তাঁকে বাঁচিয়ে রাখার কথা বলেন তিনি।
জি-সিরিজের সাউন্ড ইঞ্জিনিয়ার, সংগীত প্রযোজক, সুরকার ও কণ্ঠশিল্পী ঈশা খান দূরে জানান, গত ৬ নভেম্বর শেখ সাহেদের অ্যালবাম প্রকাশের পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই তাঁকে হাসপাতালে দেখতে যেতে হয়। মৃত্যুর পাঁচ-ছয় দিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে ঈশার পডকাস্ট ‘দূরের আড্ডা’র জন্য শুভেচ্ছা বার্তা দেওয়ার কথা দিয়েছিলেন শেখ সাহেদ। সেটিই ছিল তাঁর সঙ্গে শেষ কথা।

নাট্যনির্দেশক, অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার বলেন, ব্যান্ড সংগীতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও ‘আড্ডার তরঙ্গ’ করতে গিয়ে শেখ সাহেদের হৃদয়ের বিশালত্ব ও সৃজনশীল আড্ডার শক্তির সঙ্গে পরিচিত হয়েছেন তিনি। ভিন্ন মত ও চিন্তার মানুষকেও পরম ভালোবাসায় আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল শেখ সাহেদের। দেশের এই অস্থির সময়ে তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।
সংগীতশিল্পী সন্দীপন লালন সাঁইজির ‘সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে’ গানটি পরিবেশন করে শেখ সাহেদের সহজ-সরল ও প্রাণখোলা স্বভাবের কথা তুলে ধরেন।
সঞ্চালক নসিব বলেন, নারীদের প্রতি শেখ সাহেদের ছিল অসম্ভব শ্রদ্ধা। গানের বাণিজ্যিক লাভ-ক্ষতির চেয়ে গানই ছিল তাঁর কাছে মুখ্য। সত্যিকারের শিল্পী পাখির মতো, কোনো শ্রোতা বা আয়োজনের অপেক্ষা না করে নিজের গান গেয়ে যান—এমন বিশ্বাস পোষণ করতেন শেখ সাহেদ।
উপস্থাপিকা, মডেল ও আবৃত্তিকার শারমিন লাকি তাঁর দীর্ঘ বন্ধুত্ব, খুনসুটি, সাহিত্য ও আবৃত্তির স্মৃতি তুলে ধরেন। শেখ সাহেদের রসবোধ, মিমিক্রি, উদারতা, অসুস্থতার সময়কার স্মৃতি এবং তাঁদের সম্পর্কের নানা অভিমান ও মীমাংকার গল্প শোনান তিনি। আবুল হাসানের ‘ঝিনুক নীরবে সহো’ কবিতাটি আবৃত্তি করে উপস্থিত সবাইকে নিয়ে শেখ সাহেদের প্রতি ভালোবাসা জানান।
অভিনেতা আনন্দ খালেদ শেখ সাহেদের প্রাণবন্ত স্বভাব, গানের আড্ডা ও উকুলেলে বাজানোর স্মৃতি তুলে ধরেন। তাঁর বক্তব্যের পর গিটারিস্ট পান্ডু ব্লুমবার্গ শেখ সাহেদের সঙ্গে বাজানোর অভিজ্ঞতা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। আইক টার্নারকে গুরু মানলেও শেখ সাহেদের সঙ্গে সংগীতের অভিজ্ঞতা ছিল তাঁর কাছে অনন্য। শেখ সাহেদের গানে বাংলাদেশের আত্মা ও মাটির সুর অনুভব করতেন তিনি।
শেখ সাহেদের ঘনিষ্ঠ বন্ধু ও সাংস্কৃতিক কর্মী এরশাদুল হক টিংকু বলেন, শেষ মুহূর্তে শেখ সাহেদ তাঁর কানে কানে একটি গোপন কথা বলতে চেয়েছিলেন। সেই কথাটি আর জানা হয়নি—এ আক্ষেপ আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। হাসপাতালের শেষ দিনগুলোতে একসঙ্গে কাটানো মুহূর্ত, রসবোধ ও আড্ডার নানা স্মৃতিও ভাগ করে নেন তিনি।
গানে গানে শেষ শ্রদ্ধা
স্মৃতিচারণের পর শুরু হয় গানের পরিবেশনা। জিমি ও তাঁর দল শেখ সাহেদের লেখা ও সুরে ‘প্রভু’ অ্যালবামের ‘মৃত্যু’ গানটি পরিবেশন করেন। এরপর আরও দুটি গান শোনানো হয়।
সবশেষে ‘গাছ’ ব্যান্ডের ফয়সাল আদনান ও গিটারিস্ট পান্ডু ব্লুমবার্গ মঞ্চে এসে প্রথমে ‘খোলা চুল’ এবং পরে শেখ সাহেদের জনপ্রিয় গান ‘রোকযানা’ পরিবেশন করেন। ফয়সালের অ্যাকুস্টিক গিটার ও কণ্ঠ এবং পান্ডুর গিটারে গানগুলো নতুন আবহে ফিরে আসে। উপস্থিত দর্শকদের অনেকের অনুভূতিতে যেন মঞ্চে আবার ফিরে এসেছিলেন শেখ সাহেদ।
শেখ সাহেদের বন্ধু তানভীর আহমেদ জানান, দুই-তিন প্রজন্মের ভক্ত ও অনুসারীদের একত্রিত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ইয়ামিন ও অভির প্রাথমিক উদ্যোগে গড়ে উঠেছে ‘সাহেদবাসী’ নামে একটি ফেসবুক পেজ। তিনি আরও জানান, শিগগিরই জি-সিরিজের ব্যানারে শেখ সাহেদের একটি ট্রিপল অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। অ্যালবামটিতে থাকবে ‘মালেকা’, ‘রোকযানা’ ও ‘সাহেদ’।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই স্মৃতি ও ভালোবাসা লিখে রাখেন কমেন্টস বুকে এবং হাতে লেখা নোটে। কেউ লিখেছেন বাতিঘরে তরুণদের নিয়ে শেখ সাহেদের আড্ডার কথা, কেউ শৈশব-কৈশোরের স্মৃতি, কেউ তাঁর অসম্পূর্ণ উপন্যাস, আবার কেউ বৃষ্টির দিনে তাঁকে স্মরণ করার অনুভূতি। অভিনেতা আনন্দ খালেদের লেখা—‘আপনি কোথাও যান নি, আপনি আছেন, আছেন, আপনি আছেন’—অনেকের আবেগকে যেন এক বাক্যে প্রকাশ করে।

বাংলামোটরে ‘ঘুরুন্তিস’-এর ‘বিদায় প্রিয় সাহেদ’
অন্যদিকে, কবি, লেখক, সাহিত্যিক ও ঘুরে বেড়ানো মানুষদের সংগঠন ‘ঘুরুন্তিস’-এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের ১৬তম তলায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবে অনুষ্ঠিত হয় ‘বিদায় প্রিয় সাহেদ’ শীর্ষক স্মরণানুষ্ঠান। বৃষ্টি উপেক্ষা করেও এখানে ছিল অসংখ্য মানুষের উপস্থিতি।
স্মৃতিচারণে কবি, লেখক ও গণমাধ্যমকর্মী আলফ্রেড খোকন বলেন, বাংলাদেশে শিল্পী ও লেখকদের জীবদ্দশায় তাঁদের নিয়ে যথেষ্ট আলোচনা ও প্রচার হয় না, অথচ মৃত্যুর পর বড় আয়োজন করা হয়। এটি সাংস্কৃতিক চর্চার দুর্ভাগ্যজনক দিক। শেখ সাহেদ কবিতা লিখতেন এবং তাঁর গানে কবিতার ছাপ ছিল। নব্বইয়ের দশকে তাঁর গান ও শিল্পীসত্তা অনেককে আলোড়িত করেছিল।
কথাসাহিত্যিক রয় অঞ্জন বলেন, শেখ সাহেদ অন্যদের এমনভাবে উপস্থাপন করতেন, যেন প্রত্যেকেই বিশেষ কেউ। মানুষের ভালো দিক খুঁজে বের করে প্রশংসা করার তাঁর উদার মানসিকতা তাঁকে মুগ্ধ করেছিল।
অভিনেতা, প্রামাণ্যচিত্র নির্মাতা ও আলোকচিত্রী শংকর সাঁওজাল বলেন, শেখ সাহেদ ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও বড় মাপের মানুষ। তাঁর চলে যাওয়ায় মনে হয়েছে দেশটা হঠাৎ বিষণ্ন হয়ে গেছে। শেখ সাহেদের গান আগে শোনা না থাকলেও তাঁকে ঘিরে থাকা মানুষের ভালোবাসা ও প্রাণবন্ততার মধ্যে তিনি সংগীতের উপস্থিতি অনুভব করেছেন। শেখ সাহেদের শুরু করা ‘রাত বিরাতে’ অনুষ্ঠানটিকেও তিনি মৌলিক ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
ছয় অ্যালবামে নিজের গান, নিজের দর্শন
১৯৯১ সালে ‘প্রভু’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন শেখ সাহেদ আলী। পরবর্তী সময়ে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে তাঁর ছয়টি অ্যালবামের মধ্যে পাঁচটি একক ও একটি ব্যান্ড অ্যালবাম। প্রতিটি গানের কথা ও সুর ছিল তাঁর নিজের।
সহজ ও প্রাঞ্জল শব্দে নাগরিক জীবনের অনুভূতি, প্রেম, ব্যঙ্গ, সামাজিক উপলব্ধি এবং গভীর চিন্তা উঠে এসেছে তাঁর গানে। ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ গানগুলো তাঁকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।
তাঁর গানের দর্শনে জীবনের নানা অনুভূতি, প্রতিবাদ, ভালোবাসা ও মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। গানকে তিনি কেবল বিনোদন নয়, জীবনের অনুভূতি ও উপলব্ধির প্রকাশ হিসেবে দেখতেন।
দুই স্মরণানুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত সবাই শেখ সাহেদের গান ও স্মৃতি আজীবন বাঁচিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর ভুলত্রুটি ক্ষমা করে সৃষ্টিকর্তা তাঁকে জান্নাত দান করুন—এই প্রার্থনা ও ভালোবাসার মধ্য দিয়ে শেষ হয় দুই আয়োজন।





