মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুকসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কুতুবজোম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মহেশখালী থানার কুতুবজোম সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজারের সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালান।
অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা আগ্নেয়াস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংস্থাটি আরও জানায়, দেশের উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ডাকাতি ও জলদস্যুতা দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে কোস্ট গার্ড। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান সম্পর্কে ব্রিফিং দেন টেকনাফ স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।





