ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
অপরাধ

নাশকতায় অর্থদাতা ও পরিকল্পনাকারীদের নাম পেয়েছে গোয়েন্দারা

চলছে গ্রেপ্তার অভিযান

ফাইল ফটো
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নাশকতা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় অর্থ জোগানদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের কয়েকজনের নাম গোয়েন্দাদের হাতে এসেছে। তাদের কেউ দেশের বাইরে, আবার কেউ ঢাকায় আত্মগোপনে রয়েছেন। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতাকারীরা রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা বড় ধরনের সহিংসতা ঘটাতে পারেনি। নাশকতাকারীদের তৎপরতা বন্ধ এবং তাদের পরিকল্পনা নস্যাৎ করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

ডিবিপ্রধান আরও জানান, নাশকতায় অর্থ জোগানদাতা ও ইন্ধনদাতাদেরও শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে দেশের বাইরে অবস্থানকারীদের পাশাপাশি ঢাকায় আত্মগোপনে থাকা ব্যক্তিদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। ধারাবাহিক অভিযানে ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মিরপুর গোয়েন্দা বিভাগের তদন্তে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গোয়েন্দাদের দাবি, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।

মিরপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশ কনস্টেবল মো. সাইমনকে একা পেয়ে মারধরের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তদন্তে গ্রেপ্তার হওয়া কয়েকজন শ্রমিকের ওই হামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে গোয়েন্দা সূত্র।

আরও পড়ুনটেকনাফে এপিবিএন-পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
টেকনাফে এপিবিএন-পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

এ ঘটনায় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নামও আলোচনায় এসেছে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে ইন্ধন ও অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ তদন্তসাপেক্ষ।

গোয়েন্দা সূত্রের দাবি, এস এম মান্নান কচি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তার ব্যাংক হিসাব জব্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে।

এ ছাড়া পোশাকশ্রমিকদের সাধারণ আন্দোলনের মধ্যে উসকানিদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে গিয়ে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। তাদের মধ্যে সাবেক দুই অতিরিক্ত আইজিপি রয়েছেন। এদের একজনের নাম আতিকুল ইসলাম। পাশাপাশি সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সংশ্লিষ্টতার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। এর আগে এ ঘটনায় তার এক ভাগনেকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্র জানায়, নাশকতার নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রায় প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা ব্যক্তিদের অবস্থান শনাক্তে অভিযান চলছে।

এর আগে পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, জননিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নাশকতার অর্থায়ন, পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।