ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
জাতীয়

তৈরী পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক

তৈরী পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (১৬ নভেম্বর) তৃতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে মালিকপক্ষের পক্ষ থেকে ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব আসতে পারে।

এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শ্রমিকপক্ষ ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। তবে নিজেদের প্রস্তাব চূড়ান্ত করতে মালিকপক্ষ চার দিন সময় চেয়ে নেয়। আজকের বৈঠকে সেই প্রস্তাব উপস্থাপন ও পরবর্তী আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একাধিক সদস্যের বরাত দিয়ে জানা গেছে, মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে পারে। তাদের মতে, শ্রমিকপক্ষ দরকষাকষির কৌশল হিসেবে ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে। একইভাবে মালিকপক্ষও আলোচনার সুযোগ রেখে তুলনামূলক কম প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

মালিকপক্ষের একটি সূত্র জানিয়েছে, আগের মজুরি বোর্ডগুলোর আলোচনার রীতি অনুসরণ করে উদ্যোক্তারা প্রাথমিকভাবে নিজেদের সামর্থ্যের তুলনায় কিছুটা কম মজুরি প্রস্তাব করতে পারেন। এতে পরবর্তী বৈঠকগুলোতে দরকষাকষির মাধ্যমে প্রস্তাব বাড়ানোর সুযোগ থাকবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ এলে সেটিও বিবেচনায় নেওয়া সম্ভব হবে।

ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে ঐকমত্য

মজুরি বৃদ্ধির বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে। দুই পক্ষই নীতিগতভাবে সম্মত হয়েছে, নিম্নতম মজুরি বোর্ড যে মজুরি নির্ধারণ করবে, তা চলতি বছরের ডিসেম্বর থেকে কার্যকর হবে।

সে অনুযায়ী, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ডিসেম্বর মাসের বেতন পাওয়ার সময় থেকেই শ্রমিকদের নতুন হারে বর্ধিত মজুরি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুননতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম

এই বিষয়টি বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে বোর্ডের মালিক, শ্রমিক ও সরকারপক্ষের প্রতিনিধিরা।

মজুরি আন্দোলনের প্রভাব এখনো কাটেনি

তৈরি পোশাক খাতে মজুরি বৃদ্ধির দাবিতে গত অক্টোবরের শেষ দিকে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে এ আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ড গঠনের পর থেকেই শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। ইতোমধ্যে দুটি বৈঠক সম্পন্ন হয়েছে।

এদিকে আন্দোলনের তীব্রতা কিছুটা কমে এলেও শিল্পাঞ্চলে অস্থিরতা পুরোপুরি কাটেনি। গত রোববার (১৫ নভেম্বর) শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারা অনুসরণ করে মালিকপক্ষ ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে। আরও কয়েকটি কারখানায় উৎপাদন শুরু হলেও শেষ পর্যন্ত সেগুলোও বন্ধ রাখতে বাধ্য হয় মালিকপক্ষ।

এ অবস্থায় শ্রমিকদের প্রত্যাশা, মালিকদের সক্ষমতা এবং পোশাকশিল্পের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো চূড়ান্ত করার দিকে এগোচ্ছে নিম্নতম মজুরি বোর্ড।