রামগঞ্জে তিন দিনব্যাপী পৌরকর মেলা ও বিনামূল্যে চিকিৎসাসেবা উদ্বোধন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় তিন দিনব্যাপী পৌরকর মেলা ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পৌরসভা মিলনায়তনে পৌর পরিষদের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামগঞ্জ আসনের সংসদ সদস্য সাহাদাত হোসেন সেলিম। পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াইল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি, পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু, তোফাজ্জল হোসেন বাচ্চু ও আলমগীর হোসেন (মিয়া আলমগীর)।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস ছাত্তার মজুমদার, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজান ভূঁইয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাহাদাত হোসেন সেলিম বলেন, রামগঞ্জ পৌর এলাকার যানজট নিরসন ও নাগরিক সুবিধা বাড়াতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এসব উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, রামগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন। এ জন্য নিয়মিত পৌরকর পরিশোধের পাশাপাশি পৌরসভার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীদের আইনের হাতে সোপর্দ করতে হবে।
সংসদ সদস্য আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারীরা ইতোমধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।





