ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
জাতীয়

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট

ভোলা প্রতিনিধি : ভোলায় আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের এই কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে কূপটির প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

রোববার (১৫ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট শুরু হয়েছে। বাপেক্সের প্রতিনিধিদের তত্ত্বাবধানে এ পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানায়, এর আগে কূপটির ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননকাজ সম্পন্ন করা হয়। গত শনিবার কূপটির পারফোরেশন কার্যক্রম শেষ হয়েছে। ডিএসটি শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলাফলও সন্তোষজনক পাওয়া গেছে।

আরও পড়ুননতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম

প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে পরীক্ষা শেষে গ্যাসের মজুত ও উত্তোলন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক আহসানুল আমিন বলেন, এই কূপ থেকে প্রতিদিন গড়ে ২১ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে ভবিষ্যতে আরও তিনটি কূপ খননের পরিকল্পনা রয়েছে। তার ভাষ্য, ভোলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের মজুত রয়েছে।

উল্লেখ্য, ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে ভোলার দুটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। নতুন এই কূপে গ্যাসের সম্ভাব্য সন্ধান দেশের জ্বালানি খাতে নতুন আশার সঞ্চার করেছে। তবে বাণিজ্যিক উৎপাদন ও প্রকৃত মজুতের পরিমাণ জানতে পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করতে হবে।