১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিতদের শাহবাগে অবস্থান, পেরিয়েছে ২০ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক: ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীদের অবস্থান কর্মসূচি ২০ ঘণ্টা পার হয়েছে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সামিয়ানা টানিয়ে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান করছেন শতাধিক প্রার্থী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার সকাল ৬টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গিয়ে আন্দোলনকারীদের অবস্থান করতে দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা সুপারিশবঞ্চিত প্রার্থীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
আন্দোলনের সংগঠক তানজিয়া দিলশাদ জানান, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে চান। দাবি বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি বলেন, রোববারও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। বৈঠকে মন্ত্রী তাদের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তবে শিক্ষামন্ত্রী ও সচিবের বক্তব্যের মধ্যে তারা মিল খুঁজে পাননি। অতীতেও আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করলেও সেসব আশ্বাস বাস্তবায়িত হয়নি।
আন্দোলনকারীরা জানান, সোমবার সকাল ১০টা থেকে তারা পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। নিয়োগের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাবেন তারা।
উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ পাননি এসব প্রার্থী। তাদের অভিযোগ, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ না থাকা এবং আগে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।

এ পরিস্থিতিতে তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো:
১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে হবে।
২. বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ যুক্ত করে সুপারিশবঞ্চিতদের জন্য দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রয়োজনে নতুন করে শূন্য পদের চাহিদা সংগ্রহ করতে হবে।
৩. সনদের মেয়াদ ও বয়সসীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনতে হবে।
দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা।





