ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
জাতীয়

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবা সহজ করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন পৌরসভা হিসেবে যুক্ত হচ্ছে বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুর। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠন করা হবে।

এদিকে ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে থানাটির নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’।

আরও পড়ুনস্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা
স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

নিকার সভায় আরও দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরের সদর উপজেলা বিভক্ত করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর আগে নির্ধারিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া হয়েছে। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়িত হবে।

এসব সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক সেবা ও স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নতুন কাঠামো যুক্ত হবে।