এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) তারা শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এ পরিস্থিতিতে এডেনের নিরাপত্তা জোরদারে প্রস্তুতি নিচ্ছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী।
শহরটির চারপাশে পরিখা খননের পাশাপাশি বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষাব্যবস্থা, দেয়াল ও দুর্গ তৈরি করছেন সরকারি বাহিনীর সেনারা। তবে হুথি যোদ্ধারা আরও অগ্রসর হলে এসব প্রতিরক্ষাব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি সূত্র এবং সরকারের দুটি সূত্র জানিয়েছে, হুথি যোদ্ধারা লাহজ প্রদেশের দুটি জেলা দখল করেছেন। বর্তমানে তারা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আল-মাদারিবার আল-খারাজ ক্যাম্পের কাছে অবস্থান করছেন।
ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে। সেখান থেকেই সরকার দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে।

ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলোর বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। আরও ভূখণ্ড দখলের লক্ষ্যে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে এক যুগের বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।
এদিকে, হুথিরা এডেনের দিকে অগ্রসর হওয়ার সময় ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি ও সেখানকার একটি বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করে নেয়। পরে দেশটির সরকার জানায়, এডেনের প্রতিরক্ষা জোরদার করতেই সেনাদের অন্য এলাকায় পুনরায় মোতায়েন করা হচ্ছে।
এরপর হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে জানায়, সরকারি বাহিনী যেসব এলাকা ছেড়ে গেছে, সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে হুথি যোদ্ধারা।
সূত্র: এএফপি





