স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

আব্দুল্লাহ আল মাহমুদ : তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
বার্তায় তিনি বলেন, খুব শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে।
এর আগে সোমবার সকাল ১১টায় শ্রম ভবনে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় পোশাক কারখানার মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব উপস্থাপনের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল।
মজুরি বোর্ডের এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। কারণ, বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, চলমান শ্রম অসন্তোষ, সামগ্রিক শ্রম পরিস্থিতি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় সভা স্থগিতের পেছনে ভূমিকা রাখতে পারে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, মজুরি বোর্ডের চেয়ারম্যান তাঁকে সভা স্থগিতের বিষয়টি আগেই অবহিত করেছিলেন।

গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ডের দায়িত্ব হলো তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরি হার সুপারিশ করা।
দীর্ঘদিন ধরে বর্তমান মজুরি কাঠামো পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছে শ্রমিক সংগঠনগুলো। তাদের বক্তব্য, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং আবাসন, খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, মালিকপক্ষ নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, উৎপাদন ব্যয় এবং শিল্পের সক্ষমতা বিবেচনায় নেওয়ার পক্ষে মত দিয়ে আসছে।
শিল্পসংশ্লিষ্টদের মতে, নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়টি শুধু শ্রমিকদের জীবনমানের সঙ্গে সম্পর্কিত নয়; দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও ব্যবসায়িক স্থিতিশীলতার ওপরও এর প্রভাব পড়বে। ফলে এখন সংশ্লিষ্ট সবার নজর মজুরি বোর্ডের পরবর্তী সভার তারিখ এবং মালিকপক্ষের প্রস্তাবের দিকে।




