ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
সারাদেশ

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরিবর্তন ডিসি-এসপিসহ তিন থানার ওসি

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

সোমবার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার লগি-বৈঠা হাতে গোপালগঞ্জ শহরে মিছিল ও মহড়া করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। কয়েকটি স্থানে ভাঙচুর, টায়ারে আগুন দেওয়াসহ বিভিন্ন ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ এবং এফএনএফ সুপার শপের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টানানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাসি চত্বরের ব্যানার সরিয়ে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখা ব্যানারও লাগানো হয়।

মিছিলকারীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরিস্থিতির কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুর ১টার দিকে মিছিলকারীরা শহর ছাড়তে শুরু করেন। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। সোমবার সেই সংখ্যা বাড়িয়ে ১০ প্লাটুন করা হয়েছে।

আরও পড়ুনটেকনাফে এপিবিএন-পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
টেকনাফে এপিবিএন-পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের সর্বোচ্চসংখ্যকের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে বাহিনীটি।

এদিকে রোববারের মিছিল, মহড়া ও ভাঙচুরের ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) পরিবর্তন করেছে সরকার। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার প্রতুষে কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে গোপালগঞ্জের। এ ছাড়া জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।

সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিজিবি মোতায়েনের পাশাপাশি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতেও পরিবর্তন আনা হয়েছে।