ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
বিশ্ব

কেশম দ্বীপের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

কেশম দ্বীপের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শনিবার (১৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

আইআরজিসির বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি ‘নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা’ ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।

বিবৃতিতে ড্রোনটিকে মার্কিন সামরিক বাহিনীর এমকিউ-১ পরিবারের একটি গোয়েন্দা ও যুদ্ধ পরিচালনাকারী ড্রোন হিসেবে উল্লেখ করেছে ইরান। একই সঙ্গে ড্রোনটিকে ‘আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর’ বলে অভিহিত করেছে সংস্থাটি।

আরও পড়ুনএডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন

আইআরজিসির দাবি, এটি তাদের ভূপাতিত করা ১৭তম এমকিউ-১ ড্রোন। ঘটনাটিকে শত্রুপক্ষের গোয়েন্দা তৎপরতার আরেকটি ব্যর্থতা বলেও উল্লেখ করেছে ইরানের এই সামরিক বাহিনী।

তবে ড্রোন ভূপাতিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, আল জাজিরার প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্যও এই জলপথের কৌশলগত গুরুত্ব রয়েছে।