ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Prothom Kotha
অপরাধ

বৈশাখী টেলিভিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বৈশাখী টেলিভিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় ভবনের ভেতরে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। নিরাপত্তার জন্য ভবনের ছাদে আশ্রয় নিয়ে ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উদ্ধারের আকুতি জানান টেলিভিশনটির এক সাংবাদিক।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে এসে কর্মীরা তাঁদের অবস্থার কথা জানান।

লাইভে এক সাংবাদিক অভিযোগ করেন, একদল লোক টেলিভিশনটির প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা ভবনের বাইরে অবস্থান করায় ভেতরে থাকা সাংবাদিক ও কর্মীরা বের হতে পারছিলেন না। এ অবস্থায় নিরাপত্তার জন্য তাঁরা ভবনের ছাদে আশ্রয় নেন।

ওই সাংবাদিকের অভিযোগ, হামলাকারীরা কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এবং লিফট বন্ধ করে দেন। এতে ভবনের ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। এ ছাড়া তাঁদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

লাইভে বৈশাখী টেলিভিশনের আরেক কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এমিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাঁকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা ভবনের নিচে অবস্থান করছিলেন এবং প্রধান ফটক ভাঙার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনমহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক

তিনি আরও জানান, ভবনের ভেতরে অনেক সহকর্মী আটকা পড়েছেন। আহত একজন কর্মীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা যাচ্ছিল না। এ অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

৯৯৯-এ ফোন, ঘটনাস্থলে পুলিশ

অবরুদ্ধ সাংবাদিকেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ফেসবুক লাইভে পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

এ সময় অবরুদ্ধ কর্মীরা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতির সমাধান হবে এবং তাঁরা নিরাপদে ভবন থেকে বের হতে পারবেন।

লাইভের শেষ পর্যায়ে এক সাংবাদিককে আবেগাপ্লুত কণ্ঠে বলতে শোনা যায়, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদেরকে, বৈশাখী টেলিভিশনকে বাঁচান।’

একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং সাংবাদিকদের অবরুদ্ধ হয়ে পড়ার ঘটনায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।