ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া পৌর এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে বৃশালিখা মহল্লায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া পৌর এলাকার সম্ভপুরেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

শনিবার দুপুর ১২টার পর বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগের নেতা–কর্মীরা মহল্লার প্রবেশমুখে এবং বিএনপির নেতা–কর্মীরা কিছুটা দূরে নৌকা চত্বর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

গত বৃহস্পতিবারের সংঘর্ষের পর থেকেই ওই এলাকায় উত্তেজনা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংঘাত নিরসনে শনিবার দুপুরে বেড়া উপজেলা পরিষদে বৈঠক করেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যেভাবে সংঘাতের সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বেড়া পৌর এলাকার সম্ভপুর, পায়না ও আশপাশের এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর পায়না ও সম্ভপুর মহল্লার কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন বৃশালিখা মহল্লা থেকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতা–কর্মীরা বাধা দেন। এ নিয়ে আবার সংঘর্ষ বাধে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতে দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া ও সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবারও পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপি নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও পড়ুনদুই বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ
দুই বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেড়া পৌরসভার বৃশালিখা, সম্ভপুর ও পায়না আওয়ামী লীগ–অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। অন্যদিকে হাতিগাড়া মহল্লায় বিএনপির সমর্থকদের আধিক্য রয়েছে। বেড়া থানার সামনে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়।

বেড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিনা উসকানিতে এলাকায় অশান্তি সৃষ্টি করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংঘর্ষের প্রভাবে বন্ধ দোকানপাট, আতঙ্কে ব্যবসায়ীরা

টানা সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনায় বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। হামলা ও লুটপাটের আশঙ্কায় অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ রাখছেন। কেউ কেউ রাত জেগে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন।

বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, তিন দিন ধরে সংঘর্ষ ও উত্তেজনার কারণে বাজারের ব্যবসা প্রায় বন্ধ। আতঙ্কে ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না। পরিস্থিতি দীর্ঘায়িত হলে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

শনিবার বৃশালিখায় নতুন করে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও এসআরবি সদস্য মোতায়েন করা হয়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার শনিবার বেলা দেড়টার দিকে বলেন, আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। পরে আবার অবনতির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।