দেশজুড়ে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা যুব প্রতিমন্ত্রী আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা, গ্রামীণ পর্যায়ে বিকল্প জ্বালানির প্রসার এবং যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে দেশজুড়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
গতকাল সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।
সভায় প্রতিমন্ত্রী জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। যুব উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতি প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে ভালো কাজ করা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। কার্যক্রমের ধারাবাহিকতা ও অগ্রগতি পর্যালোচনায় প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেন তিনি।

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসকে সম্ভাবনাময় বিকল্প হিসেবে উল্লেখ করে আমিনুল হক বলেন, প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দিতে হবে। যুব উন্নয়ন কর্মকর্তাদের তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলা হবে।
তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা মেটাতে পারবে। পাশাপাশি উৎপাদিত গ্যাস বাণিজ্যিকভাবে বিক্রি করে আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে, যা গ্রামীণ পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
বায়োগ্যাস উদ্যোগ বাস্তবায়নে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি প্রয়োজনে ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
সভায় অধিকসংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ে যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময় ও কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড অন্তর্ভুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।





