ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
জাতীয়

শ্রমিক বিক্ষোভ ঘিরে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক বিক্ষোভ ঘিরে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব সদস্য মোতায়েন করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মোতায়েন করা ৪২ প্লাটুনের মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

অন্যদিকে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং কার্যক্রম সমন্বয়ের জন্য সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুননতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এসব কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

সকালে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকদের একটি অংশ বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অন্যদিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

গাজীপুরেও সকাল থেকে বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।