চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ বন্ধ, জেটিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে টার্মিনাল দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ হয়ে গেছে।
শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্দর থেকে আমদানি পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, এই দুটি টার্মিনাল দিয়ে বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ৬২ শতাংশ সম্পন্ন হয়।
মঙ্গলবার সকাল থেকে টার্মিনালের ক্রেন বন্ধ করে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শত শত শ্রমিক। এনসিটি ও সিসিটির পাশাপাশি জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। ফলে বন্দরের কর্মবিরতির পরিধি আরও বেড়েছে।
শ্রমিকদের অভিযোগ, টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনকে কেন্দ্র করে তাঁরা গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এসব পাওনা পরিশোধের বিষয়ে একাধিকবার বন্দর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।
জেটিতে কর্মরত এক ক্রেন অপারেটর জানান, কাগজে-কলমে এনসিটি ও সিসিটি চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালিত হলেও বাস্তবে এসব টার্মিনালে কাজ করছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। চিটাগাং ড্রাইডক বন্দর থেকে অর্থ নিয়ে সাইফ পাওয়ারটেককে দেয়। পরে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে।
ওই শ্রমিকের দাবি, এনসিটি পরিচালনার দায়িত্ব সাইফ পাওয়ারটেকের কাছ থেকে চলে যাওয়ার পর সিসিটিও তাদের হাতছাড়া হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এতে শ্রমিকদের গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক পাওনা অনিশ্চয়তায় পড়েছে।

আরেক ক্রেন অপারেটর জানান, সর্বশেষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোমবার শ্রমিকদের সঙ্গে বৈঠক করলেও সেখানে কোনো সমাধান আসেনি। ফলে বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে জানতে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বন্দরের মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বন্দর সূত্র জানায়, এনসিটির মাধ্যমে বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটির মাধ্যমে প্রায় ১৬ শতাংশ সম্পন্ন হয়।
বর্তমানে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে করা এ চুক্তির আওতায় কয়েক মাসের মধ্যে টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এর আগপর্যন্ত চিটাগাং ড্রাইডকের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। এতদিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চিটাগাং ড্রাইডকের মাধ্যমে সিসিটি পরিচালনার প্রক্রিয়া চূড়ান্ত করছে সরকার।
এমন পরিস্থিতিতে শ্রমিকদের কর্মবিরতিতে দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ দুটি টার্মিনালের কার্যক্রম ব্যাহত হচ্ছে।





