সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ওসমান ফারুক

স্পিকারকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন; কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ
নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দেননি তিনি। ওই সময়ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এই সংসদ সদস্য।
তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে দলটির ওই সূত্র জানিয়েছে। যদিও পদত্যাগের পেছনে রাজনৈতিক অসন্তোষের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর তিনি আবারও জাতীয় রাজনীতিতে সক্রিয় হন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।





