ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
রাজনীতি

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে জামায়াতের সমর্থন, জলবায়ু তহবিলে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে জামায়াতের সমর্থন, জলবায়ু তহবিলে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান

আনতালিয়া (তুরস্ক) প্রতিনিধি: জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে বরাদ্দ পৌঁছানো নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশকে দেওয়া ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দসহ আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অর্থ ব্যয়ের নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে।

মাহবুবুল আলম সালেহী অভিযোগ করেন, অতীতে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে বরাদ্দের অর্থ ব্যবহারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে দেশের মানুষের ওপর। আগের জলবায়ু সম্মেলনগুলোতে অর্থায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার ৯ শতাংশেরও কম বাংলাদেশ পেয়েছে। আবার প্রাপ্ত অর্থের বড় অংশই ঋণ হিসেবে এসেছে।

এ অবস্থায় ভবিষ্যতে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক বিষয় নয়। এ ক্ষেত্রে সরকারসহ সব রাজনৈতিক ও সামাজিক পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনরাজনীতিতে আগ্রহী হোক নতুন প্রজন্ম, শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
রাজনীতিতে আগ্রহী হোক নতুন প্রজন্ম, শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরতে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পরিবেশ সুরক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরেন মাহবুবুল আলম সালেহী। এই ভিশনের তিনটি লক্ষ্য হলো—জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট এবং জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। অর্থাৎ বন্যার ঝুঁকি শূন্যে নামিয়ে আনা, বর্জ্য নিয়ন্ত্রণ এবং পরিবেশের অবক্ষয় বন্ধ করা।

তিনি জানান, কপ-৩১-এর বিভিন্ন সাইড ইভেন্টেও জামায়াতের পক্ষ থেকে এই ভিশন তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় বিশ্বনেতাদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন করতে না দেওয়ার অভিযোগও করেন জামায়াতের এই সংসদ সদস্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছিল। এ বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলে আগেই বিষয়টি নিশ্চিত করা হয়। তবে পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন আয়োজনে সহযোগিতা করেনি।

এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতেই জামায়াতের প্রতিনিধি দল কপ-৩১-এ অংশ নিয়েছে। কিন্তু সম্মেলনে সরকারের প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে কপ-৩১-এ জামায়াতের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।