ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
আইন-আদালত

ভিডিওবার্তার পর সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ভিডিওবার্তার পর সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্র জানায়, ব্যাটালিয়নটির একটি দল গুলশানের বারিধারা এলাকার রোড-৯-এর ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

সম্প্রতি এক ভিডিওবার্তায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার কথা বলেছিলেন সাঈদ খোকন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা ভিডিওবার্তায় দলীয় প্রধানের প্রত্যাবর্তনের বিষয়ে বক্তব্য দেন। ওই ভিডিওবার্তার পরই তার গ্রেপ্তারের খবর সামনে এলো।

আরও পড়ুনস্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই বছর অনেকটা নীরব ছিলেন সাঈদ খোকন। ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। তবে পরবর্তী নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।

২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাঈদ খোকন। তবে ওই বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং সংসদ বিলুপ্ত হওয়ার পর তার সংসদ সদস্যপদের অবসান ঘটে।

সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র।