ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
রাজধানী

সাভারে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

সাভারে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, সাভার : ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উপকণ্ঠ সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

এর আগে সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এবং আশুলিয়ার জামগড়া ও খেজুরবাগান এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যেতে বললে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আরও পড়ুনমিরপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ
মিরপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ

এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। সকাল ১০টার দিকে খেজুরবাগান এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটে। সেখানে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দ্রুত পরিস্থিতির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে সাভার, আশুলিয়া ও রাজধানীর মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এ দাবিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটছে।