ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
বিনোদন

সপ্তম জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

সপ্তম জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় ব্রিটিশ গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন অভিনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে রবার্ট প্যাটিনসনের নাম। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে ৪০ বছর বয়সী এই অভিনেতাকে দেখা যাবে বন্ড সিরিজের পরবর্তী সিনেমায়। এর মধ্য দিয়ে চরিত্রটিতে অভিনয় করা সপ্তম অভিনেতা হতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নতুন বন্ড হিসেবে প্যাটিনসনের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। ঘোষণার আগে জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর পুরোনো পোস্ট সরিয়ে সেখানে ‘পরিচয় নিশ্চিত’ বার্তা দেওয়া হয়। পরে প্রকাশ করা হয় টাক্সেডো পরা প্যাটিনসনের প্রথম ছবি।

এক বিবৃতিতে স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়, প্যাটিনসনের হাত ধরে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়া ছিল দীর্ঘ। সংক্ষিপ্ত তালিকায় প্যাটিনসনের পাশাপাশি ছিলেন জশ ও’কনর ও ক্যালাম টার্নারসহ আরও কয়েকজন অভিনেতা। তবে গত শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্যাটিনসনকে চুক্তির ক্ষেত্রে তুলনামূলক সুবিধাজনক শর্ত দেওয়ার খবর প্রকাশিত হয়। এরপর থেকেই তাঁর বন্ড হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়।

ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর নতুন অধ্যায়

জেমস বন্ড হিসেবে সর্বশেষ পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে তাঁর বন্ড-যাত্রা শুরু হয়। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল এ চরিত্রে তাঁর শেষ সিনেমা।

করোনা মহামারির কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। সিনেমার গল্পে বন্ডের মৃত্যু দেখানো হলেও শেষ দৃশ্যে লেখা ছিল, ‘জেমস বন্ড ফিরে আসবে’। এবার নতুন অভিনেতার মাধ্যমে সেই প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে।

ক্রেগের সময়ে বন্ড সিরিজ বক্স অফিসে নতুন উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্কাইফল’ বিশ্বজুড়ে ১১০ কোটি ডলারের বেশি আয় করে। পাঁচটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বন্ড চরিত্রকে নতুনভাবে উপস্থাপন করেছিলেন তিনি।

প্যাটিনসন অভিনীত সিনেমাটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম আনুষ্ঠানিক চলচ্চিত্র। তবে ১৯৬৭ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ এবং ১৯৮৩ সালের ‘নেভার সে নেভার অ্যাগেইন’—এই দুটি অনানুষ্ঠানিক সিনেমা হিসাব করলে বন্ড চলচ্চিত্রের সংখ্যা দাঁড়াবে ২৮।

অ্যামাজনের অধীনে প্রথম বন্ড সিনেমা

নতুন সিনেমার নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে এটি হতে যাচ্ছে অ্যামাজন-এমজিএম স্টুডিওসের অধীনে নির্মিত প্রথম জেমস বন্ড চলচ্চিত্র। ২০২৫ সালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে সিরিজটির স্বত্ব কিনে নেয় অ্যামাজন। এর আগে দীর্ঘদিন ধরে বন্ড সিনেমার দেখভাল করেছেন প্রযোজক বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসন।

আরও পড়ুনসিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলির নতুন সোপ, উদ্বোধন করলেন সাবিলা নূর
সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলির নতুন সোপ, উদ্বোধন করলেন সাবিলা নূর

নতুন সিনেমার প্রযোজনার দায়িত্বে থাকছেন ‘হ্যারি পটার’ সিরিজের প্রযোজক ডেভিড হেইম্যান এবং ‘স্পাইডার-ম্যান’ সিনেমার প্রযোজক অ্যামি প্যাসকেল। পরিচালনা করবেন ‘ডিউন’ ট্রিলজির নির্মাতা ডেনিস ভিলনভ। আর চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট।

‘টোয়াইলাইট’ থেকে ‘দ্য ব্যাটম্যান’

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেছেন রবার্ট প্যাটিনসন। ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয় করে প্রথম নজরে আসেন তিনি। পরে ‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেনের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান।

এরপর বড় বাজেটের বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী চলচ্চিত্রেও অভিনয় করেছেন প্যাটিনসন। ডেভিড ক্রোনেনবার্গের ‘কসমোপলিস’ ও ‘ম্যাপস টু দ্য স্টারস’, রবার্ট এগার্সের ‘দ্য লাইটহাউস’ এবং লিন রামসের ‘ডাই, মাই লাভ’ তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও বড় ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হন তিনি।

এর আগে যারা হয়েছেন জেমস বন্ড

১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘ড. নো’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় জেমস বন্ড চরিত্রে হাজির হন স্কটিশ অভিনেতা শন কনারি। পরে ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’, ‘গোল্ডফিঙ্গার’, ‘থান্ডারবল’ ও ‘ইউ অনলি লিভ টোয়াইস’-এর মতো সিনেমায় অভিনয় করে চরিত্রটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান তিনি।

এরপর ১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেস্টিজ সিক্রেট সার্ভিস’ সিনেমায় একবারের জন্য বন্ড হয়েছিলেন অস্ট্রেলীয় অভিনেতা জর্জ ল্যাজেনবি। ১৯৭১ সালে ‘ডায়মন্ডস আর ফরএভার’ দিয়ে আবারও চরিত্রটিতে ফেরেন কনারি।

১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাতটি সিনেমায় বন্ড চরিত্রে অভিনয় করেন রজার মুর। তাঁর সময়ে চরিত্রটিতে যুক্ত হয় রসিকতা ও হালকা মেজাজ। এরপর দুটি সিনেমায় বন্ড হন টিমোথি ডালটন। ১৯৯৫ সালে ‘গোল্ডেনআই’ দিয়ে চরিত্রটিতে ফেরেন আইরিশ অভিনেতা পিয়ার্স ব্রসনান। চারটি সিনেমায় অভিনয়ের পর তাঁর স্থলাভিষিক্ত হন ড্যানিয়েল ক্রেগ।

এ পর্যন্ত আনুষ্ঠানিক জেমস বন্ড সিনেমাগুলো বিশ্বজুড়ে মোট ৭৮০ কোটি ডলার আয় করেছে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয় করা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এর অবস্থান পঞ্চম। পণ্য বিক্রি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ চুক্তি থেকেও এ সিরিজের উল্লেখযোগ্য আয় রয়েছে।

রবার্ট প্যাটিনসনের হাত ধরে এবার বন্ড সিরিজে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। দর্শকদের অপেক্ষা এখন নতুন সিনেমার গল্প, নাম ও মুক্তির তারিখ জানার।

সূত্র: দ্য গার্ডিয়ান।