মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন ও বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকটি এলাকায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর নগরীর নাওজোড়, ভোগড়া বাইপাস ও তেলিপাড়া এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে তারা সড়ক ছেড়ে সরে যান।
অন্যদিকে ভোগড়া বাইপাস ও বাসন সড়ক এলাকায় শ্রমিকেরা মিছিল নিয়ে বিভিন্ন পোশাক কারখানার সামনে যান। সেখানে অন্য শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে কারখানা থেকে বের করে আনার চেষ্টা করেন তারা। একপর্যায়ে বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শ্রমিকেরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি পোশাক কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।





