ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Prothom Kotha
রাজনীতি

গণতন্ত্রের জন্য ভাসানীর সংগ্রাম আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

গণতন্ত্রের জন্য ভাসানীর সংগ্রাম আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

সন্তোষে ৫০তম ওফাতবার্ষিকীর স্মরণসভায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাহউদ্দিন টুকু।

তিনি বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্যাতিত মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সেই সংগ্রামী আদর্শই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদের ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, স্বাধীনতাযুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁরা কেউই অন্যায়ের কাছে আপস করেননি।

বিগত রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, তারা স্বাধীনতার মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাঁর অভিযোগ, গত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মাধ্যমে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের মাধ্যমে ক্ষমতাচ্যুত সেই অপশক্তি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সাময়িকভাবে অস্থিরতা তৈরি করা সম্ভব হলেও বাংলাদেশের জনগণ তাদের রাজনীতিতে আর জায়গা দেবে না বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুনসংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ওসমান ফারুক
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ওসমান ফারুক

গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বাড়িঘরে আগুন দেওয়ার মতো ঘটনা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মানসিকতার পরিচয় বহন করে। দেশে যাতে এ ধরনের শক্তি আবারও রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে জন্য পাড়া-মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনেও সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবেন। মওলানা ভাসানীর অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান থেকে শিক্ষা নিয়েই তাঁদের পথচলা অব্যাহত থাকবে।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে স্মরণসভায় সঞ্চালনা করেন সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

এর আগে বিএনপির পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন দলের নেতাকর্মীরা।

এদিকে, ওফাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে। ফুলে ফুলে ভরে ওঠে মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করেন ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষ। তাঁদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।