ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
পাঁচ বছরে বেড়েছে কয়েক গুণ

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে তফসিলি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণের এমন উল্লম্ফন দেশের আর্থিক খাতের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী গত পাঁচ বছরের খেলাপি ঋণের তুলনামূলক চিত্র তুলে ধরেন। সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ের বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ।
২০২৩ সালে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে। এরপর পরিস্থিতির আরও অবনতি ঘটে। ২০২৪ সালে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।
পরের বছর ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার দাঁড়ায় ২৯ দশমিক ৯২ শতাংশ।
সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
অর্থাৎ, মাত্র কয়েক বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। ব্যাংক খাতের ঋণ আদায়, আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন

এদিকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সম্পূরক প্রশ্নে তিনি ব্যাংক খাতে অনিয়মের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দায়ী করেন। একই সঙ্গে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভাগটি বিলুপ্ত করার উদ্যোগের অগ্রগতি জানতে চান।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নয়, পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বীমা ও আইসিটি খাতেও ব্যবস্থা
সংসদে একই দিনে বীমা ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন অনিয়ম এবং সংস্কারমূলক পদক্ষেপের তথ্যও তুলে ধরা হয়।
সরকার জানিয়েছে, দুর্বল আর্থিক অবস্থা ও পরিচালনাগত অদক্ষতার কারণে আটটি বীমা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
অন্যদিকে, গত দেড় দশকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে ৬১ কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয় সংসদে মন্ত্রীদের দেওয়া এসব তথ্যের মধ্য দিয়ে দেশের ব্যাংক, বীমা ও তথ্যপ্রযুক্তি খাতের অনিয়ম মোকাবিলা এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের চিত্র উঠে এসেছে।





