স্থগিত হওয়া পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে ১৬ নভেম্বর সভাটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন তারিখের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভাকক্ষটি শাহ পোরশিয়া ভবনের ১৪তম তলায় অবস্থিত। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিলের বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়েছে। পাশাপাশি শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে। সভায় বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব দেন। তবে ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব তাৎক্ষণিকভাবে জমা দিতে পারেনি। এ কারণে লিখিত প্রস্তাব দাখিলের জন্য তাদের সময় দেওয়া হয়।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এ মজুরি কার্যকর হয়েছিল। নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সুপারিশ শ্রমিক ও মালিক—উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।





