মিরপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ
মিরপুর-১০ থেকে ১২ নম্বর সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পল্লবী এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকালে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, সোমবার পূর্বনির্ধারিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
এদিকে শ্রমিকদের বিক্ষোভের মধ্যেই নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে মিরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। অক্টোবরের শেষ দিক ও নভেম্বরের শুরুতে মিরপুর-১০ ও মিরপুর-১১ এলাকায় একাধিকবার সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।




