সশস্ত্র বাহিনী দিবস আজ, আধুনিক প্রতিরক্ষায় নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক : আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিবসটি উদযাপন করছে বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করতে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে প্রতিবছর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস।
এবারের দিবসটি বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের নতুন পরিকল্পনার কারণে। প্রচলিত সামরিক সক্ষমতার পাশাপাশি ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, আকাশ প্রতিরক্ষা এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
আধুনিক যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন সংঘাতে ড্রোন, সাইবার হামলা, স্যাটেলাইট নজরদারি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। এ বাস্তবতায় বাংলাদেশের তিন বাহিনীর সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত ৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আগামী এক দশকে সেনাবাহিনীর আধুনিকায়নে প্রায় ৮৬ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল ও সাবমেরিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আরও জানান, সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তানীতি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশেই ড্রোন উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা, সমুদ্রসীমায় নজরদারি বৃদ্ধি এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশীয় শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে তিন বাহিনীর প্রধানরাও নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।
দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। বিকেল ৪টায় সেনাকুঞ্জে অনুষ্ঠিত হবে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এতে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা অংশ নেবেন।
এ ছাড়া দেশের বিভিন্ন সেনানিবাস ও সামরিক ঘাঁটিতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় র্যালি বের করার কর্মসূচি রয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনে জন্ম নেওয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনী দীর্ঘ ৫৫ বছরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা, দক্ষ জনবল এবং দেশীয় সামরিক শিল্পের বিকাশই এখন বাহিনীগুলোর আধুনিকায়নের অন্যতম লক্ষ্য।





