ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Prothom Kotha
জাতীয়

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস গভীরভাবে জড়িত। মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সম্মিলিত প্রতিরোধ স্বাধীনতাযুদ্ধকে নতুন মাত্রা দিয়েছিল।

আগামীকাল ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহসী সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। এ অভিযানে মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক সাধারণ মানুষও কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে লড়াই নতুন গতি ও মাত্রা লাভ করে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর ইতিহাসের সঙ্গে এ ঘটনাও বিশেষভাবে জড়িয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, দৃঢ় সংকল্প ও শৃঙ্খলার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা দেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের দক্ষতা, সততা ও পেশাদারত্ব প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ানোর কারণে এ বাহিনী মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

আরও পড়ুনঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র বানাতে পারবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও পেশাদার হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নের কার্যক্রম অব্যাহত ছিল।

তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁর মতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অবস্থান জাতির জন্য গৌরবের বিষয়।

বাণীর শেষাংশে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সবশেষে প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।