ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

রাজধানীতে আজ জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

রাজধানীতে আজ জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাট ঠেকাতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দুপুর ১টা ১৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

এদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের ঢাকা মহানগর উত্তর।

আরও পড়ুনদুই বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ
দুই বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ

শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি জানান, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে সমন্বয় করে মহানগর উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে প্রতিদিন একটি ওয়ার্ডে বড় নাগরিক সমাবেশ আয়োজন করা হবে। সমাবেশকে কেন্দ্র করে মিছিল, সভা ও গণসংযোগ চলবে।

সেলিম উদ্দিন আরও বলেন, কর্মসূচিতে শ্রমিক, পেশাজীবী ও মহিলা সংগঠনের সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চ মাসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।