ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Prothom Kotha
সারাদেশ

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে পশ্চিম টাঙ্গাইলে তিন সেতু অনুমোদন

৫৫ বছরের অপেক্ষার অবসানের আশা, বদলাবে যোগাযোগব্যবস্থা

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে পশ্চিম টাঙ্গাইলে তিন সেতু অনুমোদন

মতিয়ার রহমান : পশ্চিম টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবে তিনটি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন পেয়েছে। টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর উদ্যোগ ও দাবির পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সদর উপজেলার ধলেশ্বরী নদীর ওপর মাহমুদনগর, কাতুলী ইউনিয়নের এসডিএস এবং হুগড়া ইউনিয়নের কাশিনগরে সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেতুর অপেক্ষায় থাকা পশ্চিম টাঙ্গাইলের মানুষের মধ্যে এ খবরে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সেতু তিনটি নির্মিত হলে বদলে যাবে এলাকার যোগাযোগব্যবস্থা; সহজ হবে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ।

অনুমোদিত প্রকল্প অনুযায়ী, মাহমুদনগরে ৬৫০ মিটার, কাতুলী ইউনিয়নের এসডিএস এলাকায় ৩২০ মিটার এবং হুগড়া ইউনিয়নের কাশিনগরে ২৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। টাঙ্গাইল জেলায় অনুমোদন পাওয়া সাতটি সেতুর মধ্যে তিনটিই টাঙ্গাইল সদর উপজেলায়।

গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে দেশের ৪৮টি জেলায় ২৫৬টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের সাতটি সেতুর মধ্যে তিনটি নির্মিত হবে সদর উপজেলায়।

৫৫ বছরের অপেক্ষায় মাহমুদনগর

তিনটি সেতুর মধ্যে সবচেয়ে বড় মাহমুদনগর সেতুটি স্থানীয়দের কাছে দীর্ঘদিনের প্রত্যাশার প্রতীক। টাঙ্গাইল শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদীবেষ্টিত মাহমুদনগর ইউনিয়নের প্রায় ২৪টি গ্রামের ৩০ হাজার মানুষ সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রায় ৫৫ বছর ধরে তাঁরা এ সেতুর অপেক্ষায় রয়েছেন।

বর্ষায় ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় এবং শুকনো মৌসুমে বিস্তীর্ণ বালুচর পেরিয়ে নদী পার হতে হয় তাঁদের। এতে রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করতে নানা সমস্যার মুখে পড়তে হয়।

স্থানীয়দের আশা, মাহমুদনগর সেতু নির্মিত হলে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রায় ৩০ কিলোমিটার পথ সাশ্রয় হতে পারে।

কাতুলী ইউনিয়নের এসডিএস এলাকায় ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়ন ও সিরাজগঞ্জের চৌহালী অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। অন্যদিকে, হুগড়া ইউনিয়নের কাশিনগর সেতু নির্মিত হলে আশপাশের এলাকার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের উপজেলা শহরে যাতায়াতের দুর্ভোগ কমবে।

স্থানীয়দের মতে, সেতু তিনটি বাস্তবায়িত হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, চিকিৎসাসেবা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুননৈরাজ্য মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
নৈরাজ্য মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান  সংস্কৃতিমন্ত্রীর

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে

চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ছিল প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর অন্যতম নির্বাচনী অঙ্গীকার। নির্বাচনের আগে এক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে মাহমুদনগর ও কাশিনগরে সেতু নির্মাণসহ টাঙ্গাইলবাসীর সাতটি উন্নয়ন দাবি তুলে ধরেছিলেন তিনি। তারেক রহমানও দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন।

এ ছাড়া প্রয়াত মাহমুদুল হাসানের রাজনৈতিক স্বপ্নের কথাও স্মরণ করেছিলেন টুকু। মাহমুদনগরে সেতু নির্মাণ ও যমুনা নদীর পাশে বেড়িবাঁধ স্থাপন ছিল তাঁর অন্যতম প্রত্যাশা। দায়িত্ব পালনের সুযোগ পেলে এসব কাজ সম্পন্ন করাকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন টুকু।

তিনটি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার টাঙ্গাইল সদরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে উচ্ছ্বাস জানান।

স্থানীয়দের মতে, স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলে আসা দাবি বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। তাঁদের প্রত্যাশা, প্রকল্পের পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করে সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।

সদরেই সবচেয়ে বড় তিন সেতু

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, একনেকে টাঙ্গাইলের সাতটি সেতু অনুমোদন পেয়েছে। এর মধ্যে তিনটি টাঙ্গাইল সদরে, সখীপুরে একটি, বাসাইলে দুটি এবং ধনবাড়ীতে একটি। সবচেয়ে বড় তিনটি সেতুই টাঙ্গাইল সদরে।

প্রকল্প অনুমোদনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল সদরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি বড় অগ্রগতি। মাহমুদনগর, এসডিএস ও কাশিনগর এলাকার মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। নির্বাচনের আগে তাঁদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সেতুগুলো নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের মানুষের যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। এলাকার মানুষের আস্থার মর্যাদা রক্ষায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

প্রকল্প অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ তৈরি হলেও এখন স্থানীয়দের অপেক্ষা নির্মাণকাজ শুরুর। তাঁদের আশা, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পশ্চিম টাঙ্গাইলের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটবে।