ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ধর্ম

ধর্মীয় বিভেদ নয়, সম্প্রীতিই হোক বাংলাদেশের শক্তি: আমিনুল হক

ধর্মীয় বিভেদ নয়, সম্প্রীতিই হোক বাংলাদেশের শক্তি: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় সরকার। কাউকে ধর্মীয় পরিচয়ের কারণে আলাদা করা বা বিভেদ সৃষ্টি নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর রূপনগরে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী গিরি-গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। আমরা এই সমাজের বাসিন্দা, একই পরিবারের মানুষ। আমাদের মধ্যে কোনো দ্বিধা-বিভেদ নেই। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—যে ধর্মেরই মানুষ হোক, সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই আমরা চাই।’

তিনি বলেন, অতীতে ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা হয়েছে। কিন্তু তাঁদের রাজনৈতিক দর্শন হলো, সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবেন। কাউকে দূরে সরিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চান তাঁরা।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা সরকার গঠনের আগে আপনাদের কাছে গিয়ে যা বলেছি, সরকার গঠনের পরও একই কথা বলছি। আমরা কাউকে দূরে ঠেলে দিতে চাই না। সবার কথা বলার অধিকার আছে, মতামত প্রকাশের অধিকার আছে। সবাইকে নিয়ে এই সমাজে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে বাংলাদেশটিকে নতুনভাবে গড়তে চাই।’

আরও পড়ুনবিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজ এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, রূপনগর টিনশেড ও ইস্টার্ন হাউজিং এলাকায় তাঁর বেড়ে ওঠা। তিন বছর বয়স থেকেই এই এলাকায় চলাফেরা করছেন তিনি। ফলে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। নিজেকে তিনি এলাকার মানুষের একজন এবং একই পরিবারের সদস্য মনে করেন।

ধর্মীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর দলের কেউ এমন কর্মকাণ্ডে জড়িত হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় একটি মন্দিরের জটিলতা ও মামলা-মোকদ্দমার বিষয়টি তুলে ধরেন আয়োজকেরা। এ বিষয়ে আমিনুল হক বলেন, মন্দিরের সমস্যা সম্পর্কে আগে কিছুটা শুনলেও এর বিস্তারিত জটিলতা সম্পর্কে অবগত ছিলেন না। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিষয়টি পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেবেন তিনি।

তিনি বলেন, প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে নির্বিঘ্নে উপাসনা করার অধিকার রয়েছে। মন্দিরে উপাসনার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকা উচিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে আমিনুল হক বলেন, এলাকার সন্তান হিসেবে এবং সরকারের দায়িত্বশীল অবস্থানে থেকে তিনি সব সময় মানুষের পাশে থাকতে চান। স্থানীয় মানুষের সমস্যার কথা শুনে সেগুলো সমাধানে কাজ করবেন। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।