কলকাতা ও শিলিগুড়িতে ৩০ নভেম্বরের পর বন্ধ হচ্ছে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র

ডিইউ ডিজিটাল গ্লোবালের সঙ্গে চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ সরকার, নতুন কেন্দ্রের ঠিকানা জানানো হবে বিজ্ঞপ্তিতে
কলকাতা ও শিলিগুড়িতে পরিচালিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো আগামী ৩০ নভেম্বরের পর থেকে আর কার্যক্রম চালাবে না। এসব কেন্দ্রে ৩০ নভেম্বরের পর ভিসার আবেদন জমা না দিতে আবেদনকারীদের অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।
১৭ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সেবা-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিচালনায় কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো ৩০ নভেম্বরের পর থেকে নির্ধারিত ঠিকানায় আর পরিচালিত হবে না।
এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে এবং সব ধরনের ভিসা আবেদনকারীকে ৩০ নভেম্বরের পর এসব কেন্দ্রে আবেদন জমা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে উপ-হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। নতুন কেন্দ্র চালু হলে আবেদনকারীরা সেখানে ভিসার আবেদন জমা দিতে পারবেন।





