বিএনপির কেউ অপকর্মে জড়ালেও ছাড় নয়: ফকির মাহবুব আনাম

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। একই সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী দলের নাম ব্যবহার করে লুটপাট, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১ নম্বর বীরতারা ইউনিয়ন পরিদর্শনকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সব ধরনের অপতৎপরতা মোকাবিলা করতে হবে।

তবে প্রতিরোধের নামে বিএনপির কোনো নেতাকর্মী যেন সাধারণ মানুষের বাড়িঘরে লুটপাট, চাঁদাবাজি কিংবা হয়রানিতে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সতর্ক করেন তিনি।
ফকির মাহবুব আনাম বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশাসহ উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





