দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পাশাপাশি প্রবাসী আয়েও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮ শতাংশ।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





