ঢাকায় আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধন

শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে এআই, গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আইএইউপির এই আন্তর্জাতিক সম্মেলন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় প্রতিনিধিসহ দুই শতাধিক অতিথি অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিআইএফএএল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ. মেজিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খান।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতার ওপর। বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শিক্ষা ও যোগ্যতায় গড়ে তুলতে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, এ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বকে একত্র করেছে। এর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ক্লাস, গবেষণা, বিনিময় কর্মসূচি এবং শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়ানো তাদের লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের গবেষণা ও উদ্ভাবন আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার সুফল যেন শিক্ষার্থী ও অভিভাবকরা সরাসরি পান, সেটিই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্যও এ আয়োজন আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।
সম্মেলনের প্রতিপাদ্য ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উদ্যোক্তা তৈরি, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ, টেকসই ক্যাম্পাস, উন্মুক্ত বিজ্ঞান, গবেষণা এবং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার রূপান্তর নিয়ে আলোচনা হচ্ছে।
সম্মেলনের বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ঢাকার ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজা, বনানীর শেরাটন হোটেল এবং সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে।
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণকে সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক কার্যক্রম, সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষণাভিত্তিক অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।
সম্মেলন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিশেষ প্রদর্শনীতে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন, গবেষণার বাস্তব প্রয়োগ, ডিজিটাল শিক্ষায় প্রবেশাধিকার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে।
আগামী ২১ নভেম্বর আন্তর্জাতিক প্রতিনিধিদের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শনের কথা রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘ঐতিহ্যের হাট’। এতে বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরা হবে, যা আন্তর্জাতিক অতিথিদের সামনে দেশের সাংস্কৃতিক পরিচয় ও সম্ভাবনা উপস্থাপনের সুযোগ তৈরি করবে।
দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আইএইউপির এ সম্মেলনের আয়োজক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর যোগাযোগ বাড়বে এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন একাডেমিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।





